রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ ৪ জুয়াড়িসহ ওয়ারেন্টভূক্ত এক আসামিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। পুলিশ জানায়, উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের আদর্শ বাজার এলাকায় গতকাল রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে জসিম (৪০), ফেরদৌস (৪০), ইউনুস (৪৫) ও দিলীপ (৪০) নামের ৪ জুয়াড়িকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
জুয়াড়িদের বাড়ি আদর্শ বাজার কানুরাম এলাকায়। এসময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও টাকা জব্দ করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন জুয়াড়ি পালিয়ে যায়। অপরদিকে একইদিন রাতে আদালতের ওয়ারেন্টভূক্ত আসামি উপজেলার চাকিরপশার ইউনিয়নের অর্জূনমিশ্র গ্রামের মহির উদ্দিনের ছেলে আফতার আলীকে (৫০) গ্রেফতার করে রাজারহাট থানা পুলিশ।
আজ সোমবার (৩০ মার্চ) সকালে পুলিশ গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আদর্শ বাজারের ফুলমিয়ার পানের দোকানে জুয়া খেলা চলে আসছে। বিষয়টি জানতে পেরে আইনশৃঙ্খলা বাহিনীর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, জুয়া ও মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জুয়ায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।