গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাইহাট থেকে খালেক মিয়া (৩৫) নামের এক পান ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৩ জুন) সকালে নাকাইহাট বাজারের গরুর হাটের সংযোগ সড়কের একটি বাগান থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত ব্যবসায়ী মো: খালেক মিয়া উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি নাকাইহাট বাজারে পান-সুপারি বিক্রি করতেন। স্বজনরা জানান, খালেক গত বৃহস্পতিবার নাকাইহাট বাজারে এসে আর বাড়ি ফেরেনি।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, হত্যাকান্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আশা করছি দ্রুত হত্যার রহস্য উন্মোচিত হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।