পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে ১৫ বোতল ফেনসিডিল ও নগদ ১ লাখ ৩ হাজার ৪৫২ টাকাসহ রাইফুল ইসলাম (৩৬) নামে একজনকে আটক করেছে সেনাবাহিনীর চৌকস দল। আজ শনিবার (২ আগস্ট) বিকেলে পলাশবাড়ী উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের দক্ষিণ বন্দরস্থ সরকার তেলের পাম্পের সামনে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত রাইফুল ইসলাম রংপুর তাজহাট থানার আসরতপুর চকবাজার এলাকার আবুল হোসেনের ছেলে।
জানা যায়, সেনাবাহিনীর চেকপোস্টে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি গাড়ি তল্লাশি করা হয়। এ সময় সন্দেহভাজন যাত্রী রাইফুল ইসলামের ব্যাগ তল্লাশি করে ১৫ বোতল ফেনসিডিলসহ ১ লাখ ৩ হাজার ৪৫২ টাকা পাওয়া যায়। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টু জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।