রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়াতে ছাগলছানা খেতে গিয়ে গৃহকর্তার হাতে মারা পড়েছে একটি মেছো বিড়াল। সোমবার ভোরে নারুয়া ইউনিয়নের চরঘিকমলা গ্রামের হেলাল মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় মেছো বিড়ালের আক্রমণের শিকার হন ওই গৃহকর্তা।
গৃহকর্তা হেলাল মন্ডল বলেন, ভোর ৪টার দিকে ছাগল রাখার ঘর থেকে হঠাৎ ছাগলের ডাকাডাকি ও অদ্ভুত এক আওয়াজ শুনতে পেয়ে এগিয়ে যান তিনি। এ সময় মেছো বিড়ালটি তার ওপর আক্রমণ করে। নিজেকে রক্ষার্থে হাতে থাকা টেকি দিয়ে আঘাত করলে মেছো বিড়ালটি মারা যায়। মেছো বিড়ালের আঘাতে তার পায়ে ক্ষত হয়েছে। স্থানীয় ৪নং ওয়ার্ড সদস্য মো. আফজাল হোসেন বলেন, মেছো বিড়ালটি লম্বায় প্রায় আড়াই ফুট হবে।