নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজারের কাছ থেকে ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে বসুরহাট-হাজারীহাট সড়কের বিদ্যুৎ অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ইসলামী ব্যাংক আবু মাঝির হাট এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার আবদুর রহমান বসুরহাট থেকে ১২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে আবু মাঝির হাট যাচ্ছিলেন। পথে হাজারীহাট বিদ্যুৎ অফিস পার হওয়ার পর ডিবি পুলিশের পোশাক পরা কয়েকজন ব্যক্তি প্রাইভেটকার নিয়ে তার মোটরসাইকেলের গতিরোধ করেন।
এ সময় অস্ত্র ও ওয়াকিটকি হাতে কয়েকজন প্রাইভেটকার থেকে বের হয়ে আবদুর রহমানকে ইয়াবা বিক্রির অভিযোগে আটক করার কথা বলে গাড়িতে তুলে নেন। পরে চক্রটি তাকে সেনবাগ উপজেলার নবীপুর এলাকায় নিয়ে আবদুর রহমানকে সড়কে ফেলে যায় এবং ব্যাগ ভর্তি ১২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় বলেও জানা গেছে।
আবদুর রহমান ইসলামী ব্যাংকের আবু মাঝির হাট এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ১২ লাখ টাকা ছিনতাইয়ের একটি মৌখিক অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।