পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সকালে পীরগঞ্জ পৌর শহরের ভেলাতৈড় কালিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে কালির হাট এলাকায় ৫ কাঠা জমির দখল নিয়ে ডাক্তার ফরিদুল ইসলামের লোকজনের সাথে রফিকুল ও সহিদুলের লোকজনের সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের সহয়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে পীরগঞ্জ হাসপাতালে ৮ জন, ঠাকুরগাঁও হাসপাতালে ৭ জন এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন চিকিৎসা নিচ্ছেন। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, জমি নিয়ে সংঘর্ষে বেশ কিছু লোক আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বেলা ৩ টা পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।