পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের প্রধান হোতা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩০ মে) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, গত মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ পৌর শহরের মাস্টার মোড় এলাকায় একটি মসজিদ থেকে মোটরসাইকেল চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে রাজ্জাক। এ সময় জনতা তাকে গণধোলাই দেয়।
খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক তাকে প্রথমে ঠাকুরগাঁও এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
রাজ্জাকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরির অর্ধ শতাধিক মামলা রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তার মৃত্যু বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।