রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিম উদ্দিন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল রোববার উপজেলার রাণীশংকৈল নেকমরদ মহাসড়কের কুমোরগঞ্জ নতুনপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই জসিম নামে এক যুবক নিহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
নিহত জসিম উপজেলার কাশীপুর এলাকার সোলেমান আলীর ছেলে। আহতরা হলেন- হরিপুর উপজেলার ভারডাঙ্গি গ্রামের জামালের ছেলে মুক্তারুল ইসলাম (৩৫), তার স্ত্রী মোছা. সুলতানা (২৫) ও বালিয়াডাঙ্গী উপজেলার মহাজনেরহাট এলাকার অনিন্দ্র রায়ের ছেলে সঞ্জয় রায়(২৭)। সঞ্জয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার (ওসি) আরশেদুল হক জানান, দুর্ঘটনায় একজনের নিহতের খবর পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।