রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবুল হোসেন (৬১) নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর গুরুতর আহত হয়েছে। আজ শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের মুক্তা মার্কেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন পৌর শহরের মহল বাড়ি এলাকার মৃত নয়ন শেখের ছেলে।
দুর্ঘটনায় আহতরা হলো, উপজেলার নেকমরদ এলাকার আব্দুর রউফের ছেলে তুহিন (১৭) এবং বাচোর ইউনিয়নের কাতিহার এলাকার আতিক (১৫)। হাসপাতালে নেওয়ার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে মুক্তা মার্কেটের সামনের সড়কে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক আবুল হোসেন এবং মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে জানান, দুর্ঘটনার বিষয়ে পারিবারিক অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।