ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার কহরপাড়ায় পুকুরে পড়ে আব্দুল জব্বার (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ রোববার (১ ফেব্রুয়ারি) কহরপাড়া দারগা পুকুরে ঘটনাটি ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল জব্বার দীর্ঘদিন ধরে খিচুনি রোগে ভুগছিলেন। এতে প্রায়ই তিনি অজ্ঞান হয়ে পড়তেন। আজ রোববার (১ ফেব্রুয়ারি) কহরপাড়া দারগা পুকুরে মাছ মারতে যান।
এসময় হঠাৎ খিচুনি উঠলে তিনি পুকুরের পানিতে পড়ে যান। স্থানীয় বাসিন্দা রুবেল বিষয়টি দেখে দ্রুত পরিবারকে খবর দেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। এসময় ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার কোনো মামলা বা অভিযোগ করবে না বলে জানান তার ছেলে মো. আবু শাহিন। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে।