ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: সারাদেশে যখন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগ করানোর হিড়িক পড়েছে তখন ঠিক এর উল্টো চিত্রের দেখা মিলেছে ঠাকুরগাঁওয়ে। জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষকসহ ৪ শিক্ষককে ফিরিয়ে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে চখমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এমন ঘটনা পর রীতিমত প্রশংসার ঝড় উঠেছে পুরো জেলায়।
জানা যায়, বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতিয়ার করে তাদের ভুল বুঝিয়ে গত রোববার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দীন, সহকারী শিক্ষক ইয়াছিন আলী, নুরে আলম এবং শ^রণ শিংকে জোরপূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর করে নেয় একদল উশৃঙ্খল যুবক। এ খবর ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরাসহ বিভিন্নস্তরের মানুষ।
জোর করে পদত্যাগ করানোর খবর শুনে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় ছাত্র-জনতা। গত মঙ্গলবার সকালে তারা বিদ্যালয় মাঠ সমবেত হয়ে শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরাতে বিক্ষোভ মিছিল করে। পরে গত বুধবার এলাকাবাসী, অবিভাবক এবং কমিটির সবাই বসে স্বসম্মানে শিক্ষকদের বরণ করে নেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী গত বৃহস্পতিবার সাদা প্রাইভেট কারে করে শিক্ষকদের বিদ্যালয়ে নিয়ে আসে। পরবর্তীতে ফুলের মালা গলায় দিয়ে তাদের বরণ করে নেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের পা ধরে ক্ষমা চায় এবং আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থী ও শিক্ষকরা। শিক্ষার্থীরা জানায়, এই কাজ মূলত কিছু উশৃঙ্খল ও দুষ্কৃতকারী করেছে। এটার জন্য তারা দায়ি নয়।