হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে ফুলকপির বাম্পার ফলন হয়েছে। হাট-বাজারে বর্তমানে ৪০ টাকা কেজি ফুলকপি বিক্রি হচ্ছে। দাম ভাল হওয়ায় উপজেলার চাষিদের মুখে হাসি ফুটেছে। হরিপুর কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নে ১৫ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। গত বছরের তুলনায় এবার ফুলকপির চাষ বেশি হয়েছে।
হরিপুর উপজেলার টেংরিয়া গ্রামের কৃষক নজরুল বলেন, সাড়ে তিন বিঘা জমিতে ফুলকপি চাষ করেছেন তিনি। ফুলকপি বিক্রিও শুরু করেছেন। এখন পর্যন্ত ক্ষেতে পানি সেচ, রাসায়নিক সার ও কীটনাশকসহ খরচ হয়েছে ৫০ হাজার টাকা। গত বছরের চেয়ে ফলন ও দাম ভালো তাই অধিক লাভের আশা করছেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন বলেন, ফুলকপি শীতকালীন সবজি। ফুলকপি চাষে উপজেলার কৃষকের আগ্রহ বেড়েছে। কম খরচে অল্প সময়ে ফুলকপি বাজারজাত করে ভালো অর্থ পাওয়া যায়। এ বিষয়ে তারা কৃষককে প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ে গিয়ে পরামর্শ দিচ্ছেন।