ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় এই শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ অনুষ্ঠানে ডাকসু নির্বাচনে অংশ নেওয়া আবিদ-হামিম-মায়েদ পরিষদের প্রার্থীরা ছাড়াও বিভিন্ন হল সংসদের ছাত্রদল সমর্থিত প্রার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার দুপুর ১২টায় বটতলায় শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত সব প্রার্থীরা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন।
শপথ পাঠ শেষে উপস্থিত নেতাকর্মীরা নির্বাচনে সফলতার প্রত্যাশা ব্যক্ত করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।