পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা ইউনিয়নে ভারতীয় বন্যহাতির তান্ডবে নুরুজ্জামান (২৩) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর পর আবারও উপজেলার সীমান্তের তিন গ্রামে হাতি আতঙ্ক বিরাজ করছে। এদিকে হাতি তাড়াতে রাতে সীমান্ত এলাকায় মশাল জ্বালিয়ে পাহারা দিচ্ছে গ্রামবাসী।
আতঙ্কের এঘটনাটি ঘটেছে জেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের তেলিপাড়া, সিদ্দিকনগর, খুনিয়াভিটা গ্রামের। এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্যহাতি দুটি তেঁতুলিয়ার তেলিপাড়া গ্রামের সীমান্ত থেকে মাত্র ২০০ গজ দূরে ভারতের হাফতিয়াগছ বিএসএফ ক্যাম্প সংলগ্ন ভারতীয় ফরেস্টের জিরো সীমানায় অবস্থান করছে।
গতকাল বৃহস্পতিবার রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাংলাদেশের অভ্যন্তরে গ্রামবাসীরা আগুন ও মশাল নিয়ে অবস্থান করছে। সঙ্গে জানমালের নিরাপত্তায় গ্রামপুলিশ ও সীমান্তে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের পাশাপাশি ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও ভারতীয় বন বিভাগকে অবস্থান নিতে দেখা গেছে।