চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যালয়ের জানালা ভেঙে চুরি সংঘটিত হয়েছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার পুনট্টি ইউনিয়নের ১৩৩ নং বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।
জানা যায়, গত বুধবার বিদ্যালয় ছুটির পর শিক্ষার্থীসহ শিক্ষকরা নিজ নিজ বাড়িতে চলে যান। ওইদিন দিবাগত রাতের কোনো এক সময় চোরেরা বিদ্যালয়ের বৈদ্যুতিক সংযোগ লাইন বিচ্ছিন্ন করে জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে ওয়াই-ফাই, সিসি ক্যামেরা সেট, একটি ইউপিএস, একটি ক্যামেরা, ক্যাবলসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায়।
এসময় চোরেরা বিদ্যালয়ের অফিস রুম তছনছ করে বিভিন্ন আসবাবপত্র বিক্ষিপ্তভাবে ছড়িয়ে-ছিটিয়ে রেখে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির বিষয়টি উপজেলা শিক্ষা অফিসকে অবহিত করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এসএম আহসান হাবীব জানান, গতকাল শুক্রবার পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় তদন্ত করা হবে।