স্পোর্টস ডেস্ক: আইপিএলের এবারের আসরে দ্বিতীয় ইনিংসে দুটি বল ব্যবহারের নিয়ম দেখা গেল। প্রথমবার সেই নিয়ম দেখা গেল গতকাল কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে।
দ্বিতীয় ইনিংসে শিশির পড়লে বল ধরতে সমস্যা হয় বোলারদের। তাই এবার নতুন নিয়ম করা হয়েছে যে, দ্বিতীয় ইনিংসে ১১ ওভারের পর বল বদলানো যাবে।
তবে তার জন্য বোলিং দলের অধিনায়ককে অনুরোধ করতে হবে। আম্পায়ার যদি মনে করেন বল বদলানো উচিত, তখনই তা হবে। যত ওভারের পর বল বদলানো হবে, তত ওভার পুরনো বলই দেওয়া হবে। তবে সেই বল শুকনো হওয়ায় তা ধরতে সুবিধা হয় বোলারদের।
এ বারের আইপিএলে প্রথম পাঁচটি ম্যাচে সেই নিয়মের ব্যবহার হয়নি। একটি বলেই খেলা হয়েছে। কিন্তু গতকাল বুধবার গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামে রাজস্থানের অধিনায়ক পরাগ বল বদলের অনুরোধ করেন। আম্পায়াররা সেই অনুরোধ মেনে নেন। ১৬ ওভারের পর বল বদলানো হয়।
পরাগ ভেবেছিলেন, শুকনো বল পেলে হয়তো কলকাতার বিপক্ষে ম্যাচে ফেরত আসা যাবে। কিন্তু তা হয়নি। বল বদলের পর আর মাত্র ৯ বলের মধ্যেই খেলা শেষ করে দেয় কলকাতা।