হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : ভারতে নতুন করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেশে স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক পরতে বলা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত দিনাজপুরের হাকিমপুর হিলি ইমিগ্রেশন চেকপোস্টে নেই কোনো সতর্কতা। পাসপোর্ট যাত্রীরা এই চেকপোস্ট ব্যবহার করে অনায়াসেই ভারত-বাংলাদেশে আসা-যাওয়া করছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা বলছে, মেডিকেল টিম ভারত থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করবে, মাস্ক ব্যবহারসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানার বিষয়ে পদক্ষেপ নিবে। কোনো যাত্রীর শরীরে তাপমাত্রা বেশি পাওয়া গেলে তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতে হবে। এছাড়া স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে প্রচারণা চালাতে হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ভারতে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে কর্তৃপক্ষ থেকে কোনো দিকনির্দেশনা এখনও পাইনি। তবে বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানিয়েছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ বলেন, নির্দেশনা সম্পর্কে জেনেছি। দ্রুত হিলি চেকপোস্টে মেডিকেল টিম কাজ শুরু করবে।