নাটোর প্রতিনিধি : নাটোর জেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে পতিত আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা-কর্মীসহ ১৪ জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
গতকাল রোববার দিনগত রাতে জেলার ছয়টি থানা এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এর মধ্যে সদর থানায় ৩ জন, লালপুর থানায় ১ জন, নলডাঙ্গায় ২ জন, সিংড়ায় ২ জন, বড়াইগ্রাম ৪ জন ও বাগাতিপাড়া থানায় ২ জন রয়েছে। আজ সোমবার (২৩ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতদের মধ্যে রয়েছেন- সদর থানার হালসা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোঃ শফিকুল ইসলাম শফিক, লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোঃ নুরুজ্জামান কালু, তেবাড়িয়া ইউপির ২নং ওর্য়াড আওয়ামী লীগ সভাপতি মোঃ জিল্লুর রহমান, সিংড়া পৌর আওয়ামী লীগ সহসভাপতি মাহাবুব আলম বাবু, সিংড়ার হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান হোসেন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম ও মাধনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বাঁশিলা গ্রামের বাসিন্দা মোঃ দিলশাদ হোসেন, লালপুর উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মোঃ শহিদসহ বিভিন্ন থানার আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মী।
নাটোরের পুলিশ সুপার মোঃ আমজাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে যার যার থানা এলাকায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।