নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের এক কর্মীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে ধারণা করছে পুলিশ। আজ সোমবার (২১ এপ্রিল) ভোরে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-আবুল, মোল্লা জাফর, সোহাগ, উজ্জ্বল, শাহ আলম, তপন এবং রাসেল।
জানা গেছে, সোমবার ভোরে শিবু মার্কেট এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। গোপন সূত্রে এমন খবর পেয়ে তাদের আটক করে পুলিশ।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, আজ ভোরে শিবু মার্কেট থেকে সাতজনকে আটক করা হয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি ও তাদের নাম-ঠিকানা ও এর সঙ্গে আরো কারা কারা সম্পৃক্ত, তা নিশ্চিত হতে কাজ করছি। তাদের কেউ রাজমিস্ত্রি কেউ বা অন্য পরিচয় দিচ্ছে।
তিনি আরো বলেন, আটককৃতদের একজন জানিয়েছেন, তিনি আগে থেকে আওয়ামী লীগের সব কর্মসূচিতে যেতেন।