ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় অবহেলার অভিযোগে মেডিনোভা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার বিকেলে ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবিরের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ক্লিনিকটি সিলগালা করে। অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুজ্জামান এবং ডিমলা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ঘাটতি, লাইসেন্স ও কাগজপত্রে অসঙ্গতিসহ স্বাস্থ্যসেবা পরিচালনায় একাধিক অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ার যায়। জনস্বার্থ বিবেচনায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের বাসিন্দা মোছা. তুলী বেগম (২৯) গত ২২ জুন মেডিনোভা ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব করেন। পরিবারের অভিযোগ, অপারেশনের পরদিন থেকেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।
পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং তিনি তীব্র জটিলতায় আক্রান্ত হন। পরে গত ২৫ জুন গুরুতর অবস্থায় তুলী বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির বলেন, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে অবশ্যই সরকারি নীতিমালা ও নির্ধারিত মানদণ্ড মেনে পরিচালিত হতে হবে। নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।