ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বিক্রয় নিষিদ্ধ প্রায় দেড় লাখ টাকার ৪৭৮টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মা- ছেলেকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্ত্বিতে ডোমার থানার এসআই শৈলেন চন্দ্র দেব, মানিকুল ইসলাম, এএসআই অজিত কুমার সরকারসহ সঙ্গীয় ফোর্স উপজেলার পশ্চিম চিকনমাটি জুম্মাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে নিজ বসতবাড়িতে মিনারা বেগম (৫৬) ও তার ছেলে জনি ইসলামকে (২৫) ৪৭৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেন। মিনারা বেগম ওই এলাকার সাকিদুল ইসলামের স্ত্রী। একই দিনে অভিযানিক পুলিশ কর্মকর্তা শৈলেন চন্দ্র দেব বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেন।
ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম মাদক ব্যবসায়ী মা ছেলেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।