সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী সৈয়দপুরে দুই ভুয়া ডিবি পুলিশ সদস্যকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। আজ শনিবার (৯ আগস্ট) বেলা ৩টায় উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া অচিনারডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের কাচারিপাড়ার মো. আশরাফ আলীর ছেলে মো. দুলাল হোসেন (৪৬) এবং নীলফামারী সদর উপজেলার চড়াইখেলা ইউনিয়নের দারোয়ানী মোল্লাপাড়া এলাকার মৃত ইনসানের ছেলে মো. ফারুক হোসেন (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (৯ আগস্ট) বেলা ৩টায় আটককৃত দু’জন উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অচিনাডাঙ্গা এলাকায় যায়। তারা নিজেকে ডিবি পুলিশ সদস্য পরিচয় দিয়ে এলাকার একজন ব্যবসায়ীর কাছে মোটা অংকের টাকা দাবি করেন।
এতে তাদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে সৈয়দপুর থানা পুলিশকে অবহিত করা হয়। পরে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে আসেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন দুই ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ব্যক্তিকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।