বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা পৌর শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ (২৭) নামে এক ওয়েলডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় বোদা পৌরসভাধীন ঝিনুক নগর এলাকার লিচুর (মিষ্টি ও জিলাপি ব্যবসায়ীর) বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত পলাশ ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও এলাকার হেলথেলুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় বোদা পৌরশহরে ঝিনুক নগর এলাকায় লিচুর বাড়িতে বিল্ডিং ঘরের এ্যাঙ্গেল লাগানোর কাজ করছিল ওয়েলডিং মিস্ত্রি পলাশ। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত পড়লে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায় সে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ মো: আজিম উদ্দীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।