Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রংপুর, অভাব সঠিক পরিকল্পনার

BN DESK
10 October 2025, 08:30 PM পড়তে ১ মিনিট
পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রংপুর, অভাব সঠিক পরিকল্পনার

রংপুর প্রতিনিধি : প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন আর বৈচিত্র্যময় সংস্কৃৃতির এক বিস্ময় রংপুর বিভাগ। শতাধিক জমিদার বাড়ি, নদ-নদী, বনাঞ্চল, বিল-হাওড় এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমৃদ্ধ জীবনযাত্রা নিয়ে এই অঞ্চল হতে পারত দেশের অন্যতম বড় পর্যটন কেন্দ্র। কিন্তু পরিকল্পনার অভাবে এখনও পিছিয়ে আছে উত্তরের এই জনপদ।

এক সময়ের গৌরবময় ইতিহাসের সাক্ষী রংপুরের ইটাকুমারী জমিদার বাড়ি এখন পড়ে আছে অযত্নে। বছরের পর বছর ধরে অবহেলা আর সংস্কারের অভাবে ঐতিহাসিক এই স্থাপনাটি আজ কেবল কিছু ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। অথচ এখান থেকেই সূচনা হয়েছিলো উপমহাদেশের অন্যতম কৃষক বিদ্রোহ এবং ঐতিহাসিক প্রজা আন্দোলন।

অন্যদিকে ১৮৭৯ সালে নির্মিত তাজহাট জমিদার বাড়ি সংরক্ষিত থাকলেও পর্যাপ্ত প্রচার ও ব্যবস্থাপনার অভাবে সেটিও হারাচ্ছে জৌলুশ। বিস্ময়কর বিশাল পুকুর আর সুশৃঙ্খল বাগান এখনো পর্যটকদের আকর্ষণ করে। তবে বিভাগের শতাধিক জমিদার বাড়ি এবং নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার পৈতৃক ভিটাও রয়েছে অযত্ন-অবহেলায়।

রংপুর বিভাগের বুক চিরে বয়ে চলেছে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, করতোয়া ও যমুনেশ্বরীর মতো নদনদী। এই নদীগুলোকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে রিভার ট্যুরিজম যা হবে দেশের পর্যটন মানচিত্রে এক নতুন সংযোজন। একই সঙ্গে অঞ্চলটির ছোট-বড় বন, হাওড়-বিল ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতিকে ঘিরে তৈরি হতে পারে পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে শুধু পর্যটন নয়, বদলে যাবে গোটা অঞ্চলের অর্থনীতির চিত্র।

এ বিষয়ে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম জানান, রংপুর বিভাগের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে আমরা ইতিমধ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি। সংস্কার, অবকাঠামো উন্নয়ন ও প্রচার কার্যক্রমে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সাংবাদিক ও লেখক মাহবুবুল ইসলাম মনে করেন, সরকারি এবং বেসরকারি সমন্বয়ে পর্যটন খাতকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে বিশাল অর্থনৈতিক পরিসর। তবে তার আগে প্রয়োজন একটি সুসংহত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা।

বিশেষজ্ঞদের মতে, রংপুরের পর্যটন উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ঐতিহাসিক স্থানগুলোর সংরক্ষণ ও প্রচার, নদীভিত্তিক পর্যটন অবকাঠামো নির্মাণ, স্থানীয় সংস্কৃতি ও নৃগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে ট্যুরিজম প্যাকেজ তৈরি, যাতায়াত ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে পর্যটন খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

রংপুর বিভাগ শুধু কৃষিভিত্তিক অর্থনীতিতে নয়, পর্যটনের মধ্য দিয়ে হয়ে উঠতে পারে দেশের নতুন অর্থনৈতিক কেন্দ্র। প্রয়োজন শুধু পরিকল্পিত উদ্যোগ, সুষ্ঠু বাস্তবায়ন ও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি। ইতিহাস, প্রকৃতি ও সংস্কৃতির মিলনস্থল এই জনপদ হয়ে উঠতে পারে বিশ্ব মানচিত্রে পর্যটনের নতুন পরিচয়।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রংপুর, অভাব সঠিক পরিকল্পনার

B
BN DESK | 25 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার