স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেয়েছিলেন বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। ভিন্ন তিন ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে জড়াবেন তারা। লিটনের ঠিকানা করাচি কিংস, রিশাদ যাবেন লাহোর কালান্দার্সে আর নাহিদ রানার গায়ে উঠবে পেশোয়ার জালমির জার্সি। আগামী ১১ এপ্রিল পিএসএলের দশম আসরের পর্দা উঠবে। সেখানেই দেখা মিলবে তিন তারকা।
টুর্নামেন্ট খেলতে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন দেশের এই তিন ক্রিকেটার। বিসিবি ছাড়পত্র দেওয়ায় খুশি ক্রিকেটাররা। গতকাল সোমবার সন্ধ্যায় পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়েন লেগ স্পিনার রিশাদ। এর একদিন পর আজ মঙ্গলবার সকালে পিএসএল খেলতে ঢাকা ত্যাগ করেন লিটন দাস। নাহিদ রানা অবশ্য এখনই যাচ্ছেন না সেখানে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লিটন ছবি শেয়ার করে বিষয়টি জানিয়েছেন। দেশ ছাড়ার আগে নিজ এবং নিজের দলের জন্য দোয়া এবং সাপোর্ট চেয়েছেন। আর দেশ ছাড়ার আগে নিজ দল লাহোরকে শিরোপা জেতানোর প্রত্যয় শুনিয়েছেন রিশাদ।
উল্লেখ্য, রিশাদ এবং লিটন দুজনেই পুরো আসরের জন্য বিসিবি’র অনাপত্তিপত্র বা এনওসি পেয়েছেন। যার অর্থ, লিটনকে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে দেখা যাচ্ছে না। তবে নাহিদ রানাকে পুরো আসরের জন্য ছাড়েনি বিসিবি। সিলেট টেস্টের পরেই তাকে পাবে তার দল পেশোয়ার জালমি।