আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে ৪০ লিটার চোলাই মদসহ রুবিনা খাতুন (৩৮) নামের এক নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ চোলাই মদসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবিনা খাতুন উপজেলার সান্তাহার সাহেব পাড়ার শামছুল মন্ডল ওরফে চাঁনের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সন্ধ্যার পর সান্তাহার সাহেবপাড়া এলাকায় পুলিশ রুবিনা খাতুনের বসত বাড়িতে অভিযান চালিয়ে তার শয়ন ঘরের চৌকির নিচ থেকে ৪০ লিটার চোলাই মদ উদ্ধারসহ তাকে গ্রেফতার করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত রুবিনা খাতুনের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ সোমবার (২৩ জুন) দুপুরে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।