Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বৃষ্টির ছোঁয়ায় ঠাকুরগাঁওয়ে স্বস্তির নিঃশ্বাস

BN DESK
07 September 2026, 06:08 AM পড়তে ১ মিনিট
বৃষ্টির ছোঁয়ায় ঠাকুরগাঁওয়ে স্বস্তির নিঃশ্বাস

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : দীর্ঘ এক মাসের খরতাপ আর প্রচন্ড দাবদাহে হাঁসফাঁস করছিল ঠাকুরগাঁওয়ের জনজীবন। রাস্তার পাশের গাছগুলো বিবর্ণ, ফসলের মাঠে হাহাকার, মানুষ-প্রকৃতি সব যেন তাপদাহে পুড়ছিল। এমন সময় আজ বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই আকাশে কালো মেঘের ঘনঘটা। এরপর নামে মুষলধারে বৃষ্টি। হু হু করে নেমে আসে স্বস্তির পরশ। এ বৃষ্টিতে শুধু ভিজে ওঠেনি ঠাকুরগাঁওয়ের সড়ক ও জনপদ, জেগে উঠেছে কৃষকের মুখেও হাসি।

সদর উপজেলার কৃষি কর্মকর্তা নসিরুল আলম বলেন, ‘গত কয়েক সপ্তাহের খরায় কৃষিকাজ প্রায় বন্ধ হয়ে পড়েছিল। বিশেষ করে আমন মৌসুমের জন্য বীজতলা তৈরির সময় চলে যাচ্ছিল। এই বৃষ্টি সেই কাজ এগিয়ে নিতে বড় সহায়ক হবে।’

বালিয়াডাঙ্গীর কৃষক মনোয়ার হোসেনও মুখে হাসি ফুটিয়ে বলেন, ‘জমি চাষের জন্য এখনই সঠিক সময়। কয়েকদিন যদি এমনটা থাকে, তাহলে আমনের বীজ বপন শুরু করতে পারব।’ শুধু কৃষকই নন, স্বস্তি পেয়েছেন শহরের সাধারণ মানুষও।

ঠাকুরগাঁও শহরের রিকশাচালক মুকুল রানা বলেন, ‘এই কয়দিন তো রিকশা চালানোই যায়নি, মনে হতো শরীর পুড়ে যাচ্ছে। আজকের বৃষ্টিতে মনে হলো প্রাণ ফিরে পেয়েছি।’

ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. রকিবুল আলম চয়ন বলেন, ‘গত কয়েকদিনে প্রচন্ড গরমে অনেক রোগী এসেছে। ডায়রিয়া, হিট এক্সহশন, মাথা ঘোরা এসব সমস্যা বেশি দেখা গেছে। বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও এখনই অসতর্ক হলে হিট স্ট্রোকের ঝুঁকি থেকে যায়। তাই সবাইকে প্রচুর পানি পান এবং রোদ থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছি।’

তবে জেলা আবহাওয়া অফিসে বৃষ্টিপাত মাপার যন্ত্র না থাকায় কত মিলিমিটার বৃষ্টি হয়েছে তা নির্ভুলভাবে বলা যায়নি। তবুও শহর থেকে গ্রাম, কৃষক থেকে চিকিৎসক সবাই বলছেন একই কথা। এই বৃষ্টি যেন থাকে আরও কিছুদিন।

এলাকা: ঠাকুরগাঁও
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

বৃষ্টির ছোঁয়ায় ঠাকুরগাঁওয়ে স্বস্তির নিঃশ্বাস

B
BN DESK | 12 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার