বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় পুকুরের পানিতে ডুবে শাহাদাত হোসেন নামে সাড়ে ৩ বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নে ৪নং ওয়ার্ডের কাজলদীঘি গ্রামে ঘটনাটি ঘটে। শাহাদাত গ্রামের সুমন ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুরের পর শিশুটির মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এসময় সে তার দাদি রহিলা খাতুনের সাথে মাঠে ছাগল বাঁধতে যায়। এদিকে শিশুটি তার দাদিকে মাঠে রেখে একা বাড়ি ফেরার পথে পুকুরের পাশ দিয়ে হাঁটতে গিয়ে পানিতে পড়ে যায়।
বেশকিছু সময় পর তার দাদি বাড়ি ফিরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে খুঁজতে গেলে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায় তাকে। পরে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শাহাদাতকে মৃত ঘোষণা করেন।
কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মমিন পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।