Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রহ্মপুত্র নদের ভয়াবহ নাব্য সংকট

BN DESK
03 September 2026, 03:34 PM পড়তে ১ মিনিট

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : ব্রহ্মপুত্র নদের ভয়াবহ নাব্য সংকটে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ ফুলছড়ি লটঘাটে নৌচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। পানি না থাকায় ব্রহ্মপুত্র নদের এই নৌ-চ্যানেলটি দিয়ে আর নৌকা চলাচল করতে পারছে না।

এতে ইজারাদার কর্তৃপক্ষ চরম আর্থিক লোকসানের মুখে পড়েছেন। একইসাথে নৌ-যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় স্থবির হয়ে পড়েছে চরাঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এবং স্থানীয় অর্থনীতিতে নেমে এসেছে স্থবিরতা।

সরেজমিনে দেখা যায়, একসময় ব্রহ্মপুত্র নদের বুকজুড়ে পানির স্রোত আর ঢেউয়ের খেলা ছিল, সেখানে এখন দিগন্তজোড়া বালুচর। নদীর বুক চিরে চলা নৌকার সারি, মাঝিদের হাঁকডাক কিংবা যাত্রীদের ভিড় সবই এখন অতীত। নৌপথ বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন এরেন্ডাবাড়ী, ফুলছড়ি ও ফজলুপুরসহ চরাঞ্চলের লক্ষাধিক মানুষ।

প্রতিদিনের প্রয়োজনীয় কাজ, চিকিৎসা, শিক্ষা কিংবা বাজার করতে এখন তাদের মাইলের পর মাইল তপ্ত বালুচর পেরিয়ে হেঁটে যাতায়াত করতে হচ্ছে। দেলুয়াবাড়ি এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক আক্ষেপ করে বলেন, আগে নৌকায় করে খুব সহজেই হাটে আসতাম।

এখন দুই থেকে তিন কিলোমিটার বালুচর হেঁটে পার হতে হয়। বয়স্ক মানুষদের জন্য এই পথ চলা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বাজে ফুলছড়ি এলাকার কৃষক মো. রফিকুল ইসলাম বলেন, আগে নৌকায় করে পণ্য হাটে নিয়ে আসতাম। এখন সেই সুযোগ নেই। বালুচর পেরিয়ে পণ্য আনা অনেক কষ্টকর, খরচও বেশি পড়ে।

নদীতে পানি না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নৌকার মাঝি ও শ্রমজীবী মানুষ। ফুলছড়ি লটঘাটের নৌকার মাঝি আনারুল ইসলাম বলেন, একসময় এই ঘাট দিয়ে প্রতিদিন শত শত মানুষ পারাপার হতো। কয়েক শতাধিক নৌকা চলাচল করত। এখন পানির অভাবে স্থানীয় ৬২টি নৌকা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে আছে। আমাদের কোনো আয় নেই। পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাতে হচ্ছে।

অন্যদিকে, গাইবান্ধা জেলা পরিষদ থেকে প্রায় ৩৯ লাখ ৫০ হাজার টাকা দিয়ে ফুলছড়ি লটঘাট ইজারা নিয়ে চরম বিপাকে পড়েছেন ইজারাদার। ইজারাদার কর্তৃপক্ষ আকবার হোসেন আসিফ বলেন, বড় অঙ্কের টাকা দিয়ে ঘাটটি ইজারা নিলেও বর্তমানে কোনো আয় নেই। নৌকা চলাচল বন্ধ থাকায় তিনি এখন বিশাল আর্থিক লোকসানের মুখে পড়েছেন।

ফুলছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শুক্কুর আলী ফিরোজ বলেন, ব্রহ্মপুত্র নদের এই চ্যানেলটিতে পানি না থাকায় পুরো চরাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নৌ-যোগাযোগ বন্ধ থাকায় কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ সবক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়ছে।

স্থানীয়দের দাবি, ব্রহ্মপুত্র নদের নাব্যতা রক্ষায় দ্রুত ড্রেজিং বা কার্যকর উদ্যোগ নিতে হবে। না হলে ভবিষ্যতে এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা আরও বড় সংকটের মুখে পড়বে। নাব্য সংকটের এই চিত্র কেবল যাতায়াত ব্যবস্থাকেই পঙ্গু করেনি, বরং শত শত শ্রমজীবী পরিবারের ভবিষ্যৎকেও করে তুলেছে অনিশ্চিত।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ব্রহ্মপুত্র নদের ভয়াবহ নাব্য সংকট

B
BN DESK | 18 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার