কাউনিয়া (প্রতিনিধি) রংপুর : রংপুরের কাউনিয়ায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজু আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে তাকে উপজেলা সদরে থানা রোড় থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজু আহমেদ উপজেলার ঠাকুরদাস গ্রামের মৃত নবিবর রহমানের ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ।
জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) সকালে ইউএনওর সভাকক্ষে উপজেলা আইন শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজু আহমেদ। ইউএনও মহিদুল হকের সভাপতিত্বে সভায় কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দুপুরে আইন শৃঙ্খলা সভায় বাড়ি ফেরার পথে রাজু আহমেদকে গ্রেফতার করে পুলিশ।
ওসি জানান, হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক অ্যাডভান্স ডিটেনশন সংক্রান্ত আটকাদেশ ছিল। পরোয়ানামূলে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।