মফস্বল ডেস্ক : রংপুর নগরীর সিউ বাজারে এলপি অটো গ্যাস পাম্পের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আজ শনিবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনটির একটি রিজার্ভ ট্যাংকে কয়েকদিন আগে গ্যাস লিকেজ দেখা দেয়। আজ সেটি মেরামতের সময় ভেতরে জমে থাকা উচ্চচাপে গ্যাস ট্যাংক হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় পাম্পের কাউন্টার, পাম্পে দাঁড়িয়ে থাকা ১৩টি মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স, নিকটস্থ কয়েকটি দোকান ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এসময় প্রধান সড়ক দিয়ে চলাচলরত একটি যাত্রীবাহী বাসও বিস্ফোরণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে হাহাকার ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকৃত এক অজ্ঞাত ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে নিশ্চিত করেন তিনি।
এদিকে দুর্ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী এবং অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়। ঘটনার পর এলাকার যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয় এবং সাধারণ জনগণকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়।