রংপুর জেলা প্রতিনিধি: র্যাব-১৩’র মাদকবিরোধী অভিযানে ৫৭ কেজি ১শ’ গ্রাম জব্দকৃত গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় আজ বুধবার (৪ মার্চ) সকালে র্যাব-১৩ সদর কোম্পানি রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার সদর থানার কুলাঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের বোয়ালমারী গ্রামে অভিযান পরিচালনা করে। পরে আসামির দেখানো মতে তার বসতবাড়ির পাশে ফসলি জমিতে মাটির নিচে বিশেষ কায়দায় লুকানো ৫৭ কেজি ১শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এসময় বোয়ালমারী গ্রামের মো. লালচান মিয়ার ছেলে মো. আশাদুল হককে (৪৬) গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব জানায়, ধৃত আসামি একজন মাদক কারবারি। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছে হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সুকৌশলে বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামি অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।
র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামিগণ ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।