রংপুর প্রতিনিধি : বিএনপি অফিসে আগুন ও ভাঙচুরের মামলায় রংপুর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) নেতা শহিদুল ইসলাম পিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে পীরগঞ্জের জামতলার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পিন্টু পতিত রংপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
পুলিশ জানায়, গত ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালিয়ে তা বাধাগ্রস্ত করাসহ আন্দোলনকারীদের বিভিন্নভাবে হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান। সম্প্রতি তিনি পীরগঞ্জে ফিরে গা-ঢাকা দিয়ে অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম শফিক জানান, পিন্টু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতি ও সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পিএস নয়ন মিয়ার সমন্ধি। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, লাইসেন্সবিহীন পেট্রোল পাম্প ও ইটভাটা পরিচালনার মাধ্যমে শত কোটি টাকা অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে।
অপরদিকে বদরগঞ্জ থানার ওসি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় বদরগঞ্জ উপজেলা (নিষিদ্ধ ঘোষিত) যুবলীগের আহ্বায়ক আকরাম আলী সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। তাকেও কারাগারে পাঠানো হয়েছে।