লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে ধরলা নদীতে ভেসে ওঠা অজ্ঞাত (৪০) ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। আজ বুধবার (২৫ জুন) দুপুরে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বনগ্রাম এলাকায় ধরলা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
লালমনিরহাট সদর থানা পরিদর্শক (তদন্ত) বাদল চন্দ্র জানান, স্থানীয় কয়েকজন দিনমজুর কাজ করতে গিয়ে ধরলা নদীতে ভেসে ওঠা এক ব্যক্তির অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দিলে সদর থানা পুলিশ বনগ্রাম এলাকায় ধরলা নদী থেকে ওই লাশ উদ্ধার করে। মুখ মন্ডলসহ শরীরের বিভিন্ন অংশে পচন ধরায় ওই লাশের পরিচয় শনাক্ত করতে পারছে না স্থানীয়রা।
লাশের পরনে রয়েছে নীল রঙের হাফপ্যান্ট ও টিশার্ট। লাশটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও জানান পরিদর্শক (তদন্ত) বাদল চন্দ্র।