লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেকজন। গতকাল রোববার বিকেলে উপজেলার সানিয়াজান ইউনিয়নের মোকাদ্দেজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নয়ানখাল ডাঙ্গারহাট এলাকার আরব আলীর ছেলে ফাহিম ইসলাম (১৮) ও দুলাল মিয়ার ছেলে সবুজ মিয়া (২১)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তিন যুবক মোটরসাইকেলযোগে তিস্তা ব্রিজ এলাকা থেকে হাতীবান্ধার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোকাদ্দেজনগর বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে তাদের সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর তাদের মোটরসাইকেল ছিটকে গিয়ে পাশের একটি গাছে ধাক্কা খেলে ঘটনাস্থলেই ফাহিম ও সবুজ মারা যান। গুরুতর আহত অপর এক আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে।