লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে ভেসে আসা অজ্ঞাত এক কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া এলাকা থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, নদীতে একটি কার্টুন বক্স ভাসতে দেখে স্থানীয় এক যুবক নদীতে নেমে কার্টুনটি খুলে দেখে পলিথিনের ব্যাগে একটি নবজাতকের মরদেহ। পরে এলাকাবাসীকে খবর দিলে তারা নবজাতকটিকে নদী থেকে তুলে এনে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নবজাতকের মরদেহটি উদ্ধার করে।
পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাদু মিয়া বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। হাতীবান্ধা থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। নবজাতকের মরদেহটি কোথাকার তা বলা যাচ্ছে না। এ বিষয়ে গতকাল শুক্রবার কথা হলে হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবী বলেন, নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লালমনিরহাট মর্গে প্রেরণ করা হয়েছে।