Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লালমনিরহাটে ধান বিক্রি করে উৎপাদন খরচই উঠছে না 

BN DESK
14 May 2026, 04:23 AM পড়তে ১ মিনিট

লালমনিরহাট প্রতিনিধি : প্রকৃতি আর বাজার দুই দিক থেকেই অনিশ্চয়তার মুখে পড়েছে লালমনিরহাটের কৃষকেরা। একদিকে মাঠজুড়ে সোনালি ধান, অন্যদিকে আকাশজুড়ে কালো মেঘ। ধান ঘরে তোলার এমন সময়ে কৃষকের হতাশা আরও বাড়িয়েছে বাজারদর। কৃষকেরা বলছেন, ধান বিক্রির দামে তাদের উৎপাদন খরচই উঠছে না।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে লালমনিরহাটে ৪৮ হাজার ১১০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১১০ হেক্টর বেশি। এর বড় একটি অংশ ইতোমধ্যে পাকতে শুরু করেছে। কিন্তু অনিশ্চিত আবহাওয়া সেই সোনালি স্বপ্নকে বারবার থামিয়ে দিচ্ছে।

কোথাও কৃষকরা ধান কাটতে সাহস পাচ্ছেন না, আবার কোথাও কাটা ধান আচমকা বৃষ্টির পানিতে তলিয়ে গিয়ে ক্ষতির মুখে পড়ছে। পাঁচটি উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, অধিকাংশ জমির ধান কাটার উপযুক্ত হলেও কৃষকরা অপেক্ষা করছেন আকাশ পরিষ্কার হওয়ার জন্য। উদ্বেগ আর উৎকণ্ঠার মাঝে সোনালি স্বপ্ন ঘরে তুললেও দাম নিয়ে বড় চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের কপালে। এবারে বোরো চাষাবাদের শুরু থেকে তেল আর সার উচ্চ দামে সংগ্রহ করতে হয়েছে কৃষকদের।

যে কারণে উৎপাদন খরচ বিগত দিনের চেয়ে অনেক বেশি। চলতি মৌসুমে প্রতিমণ ধানের উৎপাদন খরচ পড়ছে সাড়ে ৯শ’ থেকে ১ হাজার টাকা। বর্তমানে বাজারে ধান বিক্রি হচ্ছে ৬শ’ থেকে ৭শ’ টাকা মণ দরে। উৎপাদন খরচ বাড়লেও বাড়েনি ধানের দাম। ফলে লোকসান গুনতে হচ্ছে তাদের। আলু আর তামাকের লোকসানের পরে বোরোতে লোকসান গুণে চাষাবাদ ছেড়ে দেওয়ার ঘোষণাও দিচ্ছেন অনেক চাষি।

আদিতমারীর ভাদাই গ্রামের কৃষক আলম সরকার বলেন, এক ‘সপ্তাহ আগে ধান পেকে গেছে। কিন্তু এখন কেটে ফেললে যদি বৃষ্টি হয়, শুকাতে না পারলে সব নষ্ট হয়ে যাবে। তাই ঝুঁকি নিতে পারছি না। কাকিনা চর রুদ্রেশ্বর গ্রামের কৃষক লোকমান বলেন, এই এক বিঘা ধানই আমার সারাবছরের ভরসা। ধানে ফলন ভালো হয়েছে ঠিকই তবে দাম নেই। বাজারে গেলে ধানের দামই বলে না।

লালমনিরহাট কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাইখুল আরিফিন বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবারে বোরোর বাম্পার ফলন হয়েছে। মাড়াই মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ থেকে ধান বাঁচাতে ৮০ শতাংশ ধান পাকলেই কর্তন করে নিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

ধান শুকানোর পরে সরকারি গুদামে বিক্রি করলে কৃষকদের লোকসান নয় লাভ হবে। কৃষকদের ধান কিনতে এরমধ্যে আমরা খাদ্য বিভাগের পক্ষ থেকে কৃষকদের তালিকা দিয়েছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

লালমনিরহাটে ধান বিক্রি করে উৎপাদন খরচই উঠছে না 

B
BN DESK | 14 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার