মফস্বল ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধায় নদী থেকে অটোচালক আরিফুল ইসলাম ওরফে পিচতুল (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে আটো নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের ছোট সতি নদী থেকে লাশটি উদ্ধার করে হাতীবান্ধা থানা পুলিশ। অটোচালক আরিফুল ইসলাম ওরফে পিচতুল লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মৃত মারুফ হোসেনের ছেলে।
জানা গেছে, গত সোমবার বিকালে অটো নিয়ে বাড়ি থেকে বের হন আরিফুল ইসলাম। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। আজ বুধবার দুপুরে উপজেলার ছোট সতি নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে পরিচয় সনাক্ত করে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহামুদুন নবী বলেন, নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।