পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি : পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। ৩১টি অনুমোদিত পদ থাকলেও বর্তমানে মাত্র ৬ জন চিকিৎসক দিয়ে চলছে পুরো উপজেলা স্বাস্থ্যসেবার কার্যক্রম। এতে চিকিৎসা থেকে বঞ্চিত উপজেলার হাজার হাজার মানুষ।
উপজেলার প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য এ হাসপাতালই একমাত্র ভরসাস্থল। প্রতিদিন গড়ে ২শ’ থেকে ৩শ’ রোগী বহিঃবিভাগে চিকিৎসা নিতে আসেন। এ অবস্থায় মাত্র ৩ জন চিকিৎসক দিয়ে এসব রোগী দেখা, জরুরি বিভাগ পরিচালনা এবং ভর্তি রোগীদের চিকিৎসা দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. দেবব্রত রায় জানান, চিকিৎসক সংকটের বিষয়টি বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। অনুমোদিত ৩৩টি পদের মধ্যে অধিকাংশই শূন্য। বারবার চাহিদা পাঠানো হলেও এখনো কোনো আশ্বাস মেলেনি।
পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জানান, এটা খুবই উদ্বেগজনক। এত বড় একটি উপজেলায় মাত্র ৩ জন চিকিৎসক দিয়ে হাসপাতাল চালানো যায় না। আমি ব্যক্তিগতভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।