Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হেলসের ঝোড়ো সেঞ্চুরিতে রেকর্ড জয় রংপুরের

BN DESK
03 September 2026, 11:12 PM পড়তে ১ মিনিট
হেলসের ঝোড়ো সেঞ্চুরিতে রেকর্ড জয় রংপুরের

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলসের ঝোড়ো সেঞ্চুরিতে বিপিএলে দারুণ জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। সেটাও আবার বিপিএল ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ২০৬ রান তাড়া করে।

আজ সোমবার (৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের দেওয়া ২০৬ রানের লক্ষ্য এক ওভার ও ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেল উত্তরবঙ্গের দলটি। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই বিপদে পড়েছিল রংপুর।

প্রথম ওভারের শেষ বলে দলীয় ২ রানে তানজিম সাকিবের বলে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরের পথ হাঁটেন তরুণ ওপেনার আজিজুল হাকিম। সে ধাক্কা কাটিয়ে উঠতে মোটেই সময় নেননি অন্য ওপেনার হেলস এবং তিনে নামা সাইফ হাসান। সিলেটের বোলারদের তুলোধনা করে তারা বিদ্যুৎগতিতে রান তোলেন। দ্বিতীয় উইকেটে গড়েন ১৮৬ রানের জুটি, যা বিপিএল ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ জুটি।

তানজিম সাকিবের করা ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বলে সাইফ হাসান ক্যাচ হয়ে ফিরলে ভাঙে এই মহাকাব্যিক জুটি। ফেরার আগে ৪৯ বলে ৩ চার এবং ৭ ছক্কায় ৮০ রান করেন সাইফ। তবে হেলস কাজ শেষ করে তবেই সাজঘরের দিকে হাঁটেন। ৫৪ বলে সেঞ্চুরি তুলে নেওয়ার পর এক ওভার হাতে রেখেই দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে।

শেষ পর্যন্ত ৫৬ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন এই ইংলিশ ব্যাটার। সিলেটের বোলারদের মধ্যে এক তানজিম সাকিব ছাড়া বাকি সবাই গড়ে ওভারপ্রতি ৯-এর ওপর রান দিয়েছেন। শুধু তানজিম সাকিব-ই ৪ ওভারে ৫.৭৫ গড়ে ২৩ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট।

এর আগে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রংপুর। রনি তালুকদার (৫৪) ও জাকির হাসানের (৫০) জোড়া ফিফটির সঙ্গে অ্যারন জোনস (১৯ বলে ৩৮*) এবং জাকের আলীর (৫ বলে ২০*) ক্যামিওতে ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান করে স্বাগতিকরা। রংপুরের পক্ষে ৩১ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট ঝুলিতে পোরেন সাইফউদ্দিন।

চলতি আসরে টানা ৪ জয়ে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে এখন তালিকার শীর্ষে রংপুর। অন্যদিকে দুই ম্যাচ খেলে এখনো জয়ের মুখ না দেখা সিলেট অবস্থান করছে ৬ নম্বরে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

হেলসের ঝোড়ো সেঞ্চুরিতে রেকর্ড জয় রংপুরের

B
BN DESK | 06 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার