মফস্বল ডেস্ক : হবিগঞ্জের বাহুবলে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় হৃদয় মিয়া (২৬) ও রিপন মিয়া (২৪) নামের এক মাছবোঝাই পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার তগলী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত পিকআপ চালক হৃদয় মিয়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে। হেলপার রিপন মিয়া একই জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাংয়ে পূর্ব নোয়াগাঁও গ্রামের ছোয়াব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুতাং বাজার থেকে মাছবোঝাই পিকআপটি বাহুবল বাজারে কিছু মাছ দিয়ে শ্রীমঙ্গল হয়ে জুড়ী যাওয়ার পথে মহাসড়কের তগলী নামক স্থানে পৌঁছে দুর্ঘটনার কবলে পড়ে। এসময় সিলেটগামী সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় পিকআপটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এর চালকসহ দুইজন মারা যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবীর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।