স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ আজ (মঙ্গলবার) নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার কথা ছিল। কিন্তু মাঠে নামার আগেই পরিত্যক্ত হয়ে গেলো ম্যাচটি। বৃষ্টিতে ম্যাচের ভেন্যু ডালাস প্রেইরি স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
এক বিবৃতিতে ম্যাচ পরিত্যক্তের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানিয়েছে, ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত ওয়ার্মআপ ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। প্রতিকূল আবহাওয়ায় আক্রান্ত হয়েছে পুরো এলাকাটিই।
এর আগে ইএসপিএন ক্রিকইনফোর যুক্তরাষ্ট্র প্রতিনিধি পিটার ডেলা পেনা টর্নেডো বৃষ্টি হওয়ার কথা জানিয়ে এক টুইট বার্তায় লিখেছেন, ‘টর্নেডো, মারাত্মক বজ্রবৃষ্টি, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার।
সকাল থেকেই ডালাস ও গ্র্যান্ড প্রেইরি এলাকায় বৃষ্টির কারণে বন্যা সতর্কতা চলছে। মাঠে সাময়িকভাবে বসানো জায়ান্ট স্ক্রিন, গ্রাফিক্স সরঞ্জামসহ মাঠের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।’