রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সঞ্চয় মহন (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্র কুলিক নদীতে গোসল করতে নেমে নিখোঁজের সংবাদ পাওয়া গেছে। আজ বুধবার (৩ জুলাই) বিকেল ৩টায় ঘটনাটি ঘটে।
সঞ্চয় উপজেলার পৌর শহরের ডাবতলী শিবমন্দিরপাড়া গ্রামের অমল ঘোষের ছেলে। ফায়ার সার্ভিস টিম লিডার তোজাম্মেল হক জানান, বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে স্কুল সংলগ্ন পাইলট কুলিক নদীর ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে পানিতে তলিয়ে যায় সঞ্চয়।
অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে ফোন দেয়। পরে ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করে আজ বুধবার (৩ জুলাই) এ খবর লেখা পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি তার।