স্পোর্টস ডেস্ক : ১০১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। তৃতীয় দিনে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে টাইগাররা। এতেই ইনিংস ব্যবধানের হার চোখ রাঙাতে থাকে বাংলাদেশকে। তবে মেহেদী হাসান মিরাজ ও জাকের আলির ব্যাটে লিড নেওয়ার পথে আছে স্বাগতিকরা। ৬৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। মাত্র ১ রানে পিছিয়ে আছে তারা।
দিনের শুরুতেই আগের দিনে অপরাজিত থাকা মুশফিকুর রহিম এবং মাহমুদুল হাসান জয়কে সাজঘরে ফেরান কাগিসো বাবাদা। জয় ৯২ বলে ৪০ ও মুশফিক ৩৯ বলে ৩৩ রান করেন। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন লিটন দাস। দলীয় ১১২ রানে ১৫ বলে ৭ রান করে আউট হন। এরপর জাকেরকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মিরাজ। সাবলীল ব্যাটিংয়ে ৯৪ রানে ফিফটি তুলে নেন মিরাজ। জাকের ৭১ বলে ৩০ ও মিরাজ ১০৭ বলে ৫৫ রানে অপরাজিত আছেন। প্রোটিয়াদের পক্ষে রাবাদা নিয়েছেন ৪টি উইকেট।