Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

BN DESK
04 September 2026, 01:32 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা, ভাবগম্ভীর পরিবেশ এবং সুশৃঙ্খল আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি ) একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে আগত অতিথিদের স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খান। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, অমর একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সমন্বয়কারী অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথকভাবে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন এবং পরে মন্ত্রিপরিষদের সদস্য ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধানগণ, বিরোধীদলীয় নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য ড. নিয়াজ আহমদ খান শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিক, নির্বাচন কমিশন, মন্ত্রিপরিষদ বিভাগ, ডাকসু নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির অংশ হিসেবে সকাল ৬টা ৩০ মিনিটে ‘স্মৃতি চিরন্তন’ চত্বর থেকে মৌন মিছিল ও প্রভাতফেরি বের করা হয়। উপাচার্য এতে নেতৃত্ব দেন। মিছিলটি উদয়ন স্কুল হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয় এবং সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া বাদ আসর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়াসহ সকল হল ও আবাসিক এলাকার মসজিদে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

মহান একুশে ফেব্রুয়ারির চেতনায় ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

B
BN DESK | 21 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার