ঢাবি প্রতিনিধি: ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল কালরাত্রির স্মরণে আগামীকাল বুধবার (২৫ মার্চ ) যথাযোগ্য মর্যাদায় ‘গণহত্যা দিবস’ পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে মোমবাতি প্রজ্বলন, প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
এরপর রাত ৮টা ১৫ মিনিটে জগন্নাথ হল প্রাঙ্গণে অবস্থিত গণ-সমাধিতে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হবে।
দিবসটির অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত—জরুরি স্থাপনা ছাড়া বিশ্ববিদ্যালয়ের সর্বত্র এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাকআউট’ পালন করা হবে, যা ১৯৭১ সালের সেই বিভীষিকাময় রাতের স্মৃতিকে ধারণ করবে।
এছাড়া শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় আগামীকাল বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর পরিচালিত নির্মম গণহত্যার স্মরণে প্রতি বছর দিনটি ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন করা হয়।