রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনে কাটা পড়ে মাসুদ মিয়া (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজারহাট-টগরাইহাট রেল স্টেশনের মাঝখানে দিনোবাজার এলাকায় ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আজ শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় পার্বতীপুরগামী রমনা লোকাল ট্রেনটি কুড়িগ্রাম থেকে ছেড়ে এসে দিনোবাজার এলাকা ত্যাগ করলে এক কিশোরের লাশ দেখতে পায় পথচারীরা। পরে এলাকাবাসী এসে লাশ শনাক্ত করেন। নিহত কিশোর উপজেলার চাকিরপশার ইউনিয়নের আষাঢু গ্রামের পল্লী চিকিৎসক মোনায়েম খাঁর ছেলে। তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।
তবে টিকটক করতে গিয়ে ট্রেনের নিচে পড়তে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে রাজারহাট থানা পুলিশ। রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম লিংকন বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি জিআরপি পুলিশের কাজ তাই কাউনিয়া জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ রেললাইনের উপর পড়েছিল।