Logo
ট্রেন্ডিং: হামে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত সহস্রাধিক যুবলীগ চেয়ারম্যান পরশ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ আর কখনও কারও কাছে মাথা নত করবে না: সংসদে খলিলুর নেপাল সীমান্তে প্রলয়ঙ্করী বন্যা: নিহত ৩৩০, নিখোঁজ সহস্রাধিক

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র হট্টগোল ও ক্ষোভ

Roksana
29 August 2026, 01:20 AM পড়তে ১ মিনিট
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র হট্টগোল ও ক্ষোভ

জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের শব্দচয়ন ও মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ অধিবেশন। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা আসন ছেড়ে দাঁড়িয়ে একযোগে ক্ষোভ প্রকাশ করলে সংসদ কক্ষে ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে স্পিকারকে বেশ বেগ পেতে হয়।

বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলামের একটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যবহৃত কিছু শব্দের তীব্র বিরোধিতা করে হৈচৈ শুরু করেন বিরোধী দলের সদস্যরা। একপর্যায়ে বিরোধী শিবিরের প্রায় সব সংসদ সদস্য দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে থাকেন।

সংসদের পরিবেশ শান্ত করার চেষ্টা করে স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বলেন, "এটা তো আওয়ামী লীগের আমল না। আপনারা তো ইচ্ছেমতো সরকারকে সমালোচনা (ক্রিটিসাইজ) করতে পারছেন।" তিনি সদস্যদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য শেষ করবেন, এরপর সংক্ষুব্ধ হলে বিরোধীদলীয় নেতাকে কথা বলার জন্য মাইক দেওয়া হবে।

বিরোধী দলের অব্যাহত প্রতিবাদের মুখে স্পিকার আরও স্মরণ করিয়ে দেন যে, পরমতসহিষ্ণুতা না থাকলে গণতন্ত্র টেকসই হতে পারে না। স্পিকারের বক্তব্য চলাকালে এ ধরনের আক্রমণাত্মক আচরণ সংসদীয় বিধিমালার পরিপন্থী উল্লেখ করে তিনি নিজের নিরপেক্ষ অবস্থান তুলে ধরেন।

পরবর্তীতে পুনরায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, "আমার যে শব্দচয়ন নিয়ে আপত্তি উঠেছে, তার ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আমার রয়েছে। আপনারা সারাদিন দাঁড়িয়ে থাকতে পারলে আমিও পারব। আমাদের কথা বলতে না দিলে বাকস্বাধীনতা রক্ষা পাবে কীভাবে?" একইসঙ্গে তিনি বিরোধী দলকে ঢালাও অভিযোগ না করে কোন সংসদ সদস্যের মামলায় আসামি গ্রেপ্তার হয়নি—তার সুনির্দিষ্ট তথ্য উপস্থাপনের আহ্বান জানান।

এর আগে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছিলেন, "এটা প্রশ্ন হলো, না পল্টনের রাজনৈতিক বক্তৃতা হলো বুঝতে পারিনি।" মন্ত্রীর এই বক্তব্যেও ক্ষোভের সঞ্চার হয়।

পরিস্থিতির প্রেক্ষাপটে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ফ্লোর নিয়ে বলেন, সংসদের প্রথম দিন থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দিচ্ছেন। তিনি বলেন, "আমরা এখানে কারও ছাত্র হিসেবে আসিনি। শিক্ষকতা করতে চাইলে তিনি বিশ্ববিদ্যালয়ে গিয়ে করতে পারেন।"

স্বরাষ্ট্রমন্ত্রীর এই আচরণকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আখ্যা দিয়ে বিরোধীদলীয় নেতা বিতর্কিত মন্তব্যগুলো সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার (এক্সপাঞ্জ) জোর দাবি জানান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র হট্টগোল ও ক্ষোভ

R
Roksana | 27 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার