ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে আহমেদ দেওয়ান (৬০) নামের এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। নিহত আহমেদ দেওয়ান দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকার মৃত নসা দেওয়ানের ছেলে। তিনি পরিবার নিয়ে একই এলাকায় বসবাস করতেন।
আজ বুধবার (১৪ জানুয়ারি) ভোরে বাসা থেকে কাজে যাওয়ার সময় পানগাঁও কনটেইনার পোর্টরোডে ছুরিকাঘাতের শিকার হন তিনি।
নিহতের মেয়ের জামাই পিন্টু জানান, দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন তিনি। সকালে ডিউটিতে যাওয়ার পথে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করে পেটের বাঁ পাশে ছুরিকাঘাত করে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম সাইফুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানার চেষ্টা করছি। পূর্বশত্রুতা থেকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে নাকি ছিনতাইয়েরে ঘটনা, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।