শ্রীলঙ্কায় সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে লড়ছে বাংলাদেশ ও পাকিস্তান। অনূর্ধ্ব-১৭ পর্যায়ে বাফুফে একাডেমি দল খেলছে চীনে। দেশটির লিজাংয়ে আমন্ত্রণমূলক তিয়ানইউ লিওফাং টুর্নামেন্টেও সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
আজ কোয়ার্টার ফাইনালে সাংহাই ইয়ারপু অনূর্ধ্ব-১৭ দলকে ৩-১ গোলে হারিয়েছে বাফুফে একাডেমি দল। আগামীকাল সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হেনান প্রভেন্সিয়াল এক্সপিরেয়ন্সিয়াল হাই স্কুল টিম।
খেলার ২৩ মিনিটে গোল করে বাংলাদেশকে লিড এনে দেন হেদায়েত। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে সাংহাইয়ের দল সমতায় ফেরে। তাহসান ৬৩ ও ৭৬ মিনিটে জোড়া গোল করেন। এতে বাংলাদেশ ৩-১ গোলের জয় পেয়ে মাঠ ছাড়ে।
এর আগে বাফুফে একাডেমি দল চীনের সানইয়াং দলকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে। এরপর শ্রীলঙ্কা একাডেমি দলের বিপক্ষে জয় ছিল ৮-০ গোলে। তৃতীয় ম্যাচে বাংলাদেশ হারলেও রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল।
বাংলাদেশ-চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছে দুই দেশ। এ উপলক্ষে চীনের বিশ্ববিদ্যালয় পর্যায়ে এক মহিলা দল বাংলাদেশ নারী ফুটবল একাডেমি দলের সঙ্গে ম্যাচ খেলে গেছে কদিন আগে। তারই ধারাবাহিকতায় বাফুফের পুরুষ একাডেমি দল চীনে একটি টুর্নামেন্ট খেলছে।